প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৫
‘ষড়যন্ত্রে সাম্প্রদায়িক সম্প্রীতি ভাঙা যাবে না’ — সালাহ উদ্দিন আহমদ
বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। সোমবার সন্ধ্যায় ঢাকেশ্বরী পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ অভিযোগ করেন এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য বিভিন্ন মহল সক্রিয়। তবে অতীতের মতো ভবিষ্যতেও এসব ষড়যন্ত্র কার্যকর হতে দেওয়া হবে না।তিনি বলেন, “আমরা ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করতে চাই না। কখনো ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করিনি, ভবিষ্যতেও করব না। এই দেশের সবাই নাগরিক, কারও সম্প্রদায়ে সীমাবদ্ধ হওয়া উচিত নয়।”বিএনপি নেতা অভিযোগ করেন, রাজনৈতিকভাবে কিছু শক্তি ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়কে ভোটের স্বার্থে ব্যবহার করেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “ফ্যাসিবাদী শক্তি আপনাদের (হিন্দু সম্প্রদায়) ভোটের বাক্স হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছে। সেখান থেকে সবার বেরিয়ে আসতে হবে।”তিনি আরও দাবি করেন, ইদানীং একটি রাজনৈতিক দল ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করে অনৈক্য সৃষ্টির চেষ্টা করছে। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।নির্বাচন প্রসঙ্গে সালাহ উদ্দিন বলেন, “আগামী নির্বাচনের তারিখ এখনো ঘোষণা হয়নি, তবে সময়সীমা ঘোষণা হয়েছে। এর মধ্যেই নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র চলছে। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাইবে, দেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করবে।”
তিনি মনে করিয়ে দেন, বিএনপি গত ১৬ বছর ধরে গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য লড়াই করছে। নির্বাচনের আগে নানা ইস্যু সৃষ্টি করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার যে কোনো চেষ্টার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
কপিরাইট © ২০২৬ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত