প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৫
২০২৫-২৬ শিক্ষাবর্ষে দাখিল নবম শ্রেণিতে বয়স শিথিল রেজিস্ট্রেশন শুরু ৫ অক্টোবর
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দাখিল নবম শ্রেণিতে বয়স শিথিল সুবিধার মাধ্যমে রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করেছে। সাধারণ শিক্ষার্থীরা ১৪–২০ বছর বয়সে এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা ১৪–২৫ বছর বয়সে আবেদন করতে পারবে। আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে ৫ অক্টোবর থেকে।বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড সোমবার (২৯ সেপ্টেম্বর) ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দাখিল নবম শ্রেণিতে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া অনলাইনে e-SIF পদ্ধতিতে সম্পন্ন করতে হবে। বিজ্ঞপ্তিতে বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক ছালেহ আহমাদ স্বাক্ষরিত নির্দেশনাবলিও প্রকাশিত হয়েছে।নির্দেশনা অনুযায়ী, যে সকল শিক্ষার্থীর বয়স ২০২৫ সালের ১ জানুয়ারি তারিখে সর্বনিম্ন ১৪ বছর এবং সর্বোচ্চ ২০ বছর, তারা সরাসরি নবম শ্রেণিতে রেজিস্ট্রেশন করতে পারবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য বয়সসীমা ২৫ বছর পর্যন্ত শিথিল করা হয়েছে। এছাড়া, যারা ৮ম শ্রেণিতে রেজিস্ট্রেশনের সুযোগ পাননি, তারা প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে বোর্ডে আবেদন করে সরাসরি নবম শ্রেণিতে রেজিস্ট্রেশন করতে পারবেন।রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে শিক্ষার্থীদের বোর্ড কর্তৃক প্রদত্ত প্রতিষ্ঠানের EIIN ভিত্তিক মোবাইল সিম ব্যবহার করতে হবে। তথ্য এন্ট্রি করার সময় শিক্ষার্থী বা অভিভাবকের একটি বৈধ মোবাইল নম্বর প্রদান বাধ্যতামূলক। একটি মোবাইল নম্বর দিয়ে শুধুমাত্র একজন শিক্ষার্থীরই রেজিস্ট্রেশন সম্ভব।রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার সময়সীমা ৫ অক্টোবর থেকে ২০ অক্টোবর। বিলম্বসহ ফি জমা দেওয়া যাবে ২১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত।
মাদরাসা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল শিক্ষার্থী ও প্রতিষ্ঠান প্রধানদের নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত