প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৫
টঙ্গীর নিখোঁজ ইমাম মুফতি মহিবুল্লাহকে অ্যাম্বুলেন্সে তুলে ৫ জন অপহরণ করেছিল
টঙ্গী থেকে নিখোঁজ হওয়ার একদিন পর পঞ্চগড়ে উদ্ধার হয়েছেন মুফতি মহিবুল্লাহ। অপহরণের অভিযোগে উত্তাল তার অনুসারী ও স্থানীয় মসজিদ কমিটি। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে এবং পরিবারকে নিরাপত্তা দেওয়া হয়েছে।টঙ্গীর টিএনটি বার্জা জামে মসজিদের ইমাম মুফতি মহিবুল্লাহ বুধবার সকাল ৭টার দিকে হঠাৎ নিখোঁজ হন। বৃহস্পতিবার ভোরে পঞ্চগড় সদর উপজেলার একটি গাছতলায় তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।চিকিৎসা শেষে বৃহস্পতিবার রাতে তাকে টঙ্গী থেকে আসা তার পরিবার ও প্রতিনিধি দলের হাতে তুলে দেয় পঞ্চগড় সদর থানা পুলিশ।উদ্ধারের পর মুফতি মহিবুল্লাহ সাংবাদিকদের জানান, “ওরা পাঁচজন আমাকে অ্যাম্বুলেন্সে করে অপহরণ করে নিয়ে যায়। আমাকে মারধরও করা হয়।”তার নিখোঁজ হওয়ার পর বুধবার রাতে ছেলে টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন।পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লাহ হিল জামান জানান, “ইমামকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।”পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা টঙ্গী থানায় আনুষ্ঠানিকভাবে অপহরণের মামলা করবেন।এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী থানার এসআই মেহেদী হাসান, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা আতাউর রহমান বিক্রমপুরী, মসজিদ কমিটির কয়েকজন সদস্য ও মুফতি মহিবুল্লাহর দুই ছেলে।
কপিরাইট © ২০২৬ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত