প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৫
বিএনপি এলে দেশে অরাজকতা ফিরবে: বরিশালে গণসমাবেশে মুফতি ফয়জুল করিম
বরিশালের বাকেরগঞ্জে আয়োজিত এক গণসমাবেশে বিএনপিকে ক্ষমতায় না আনার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি মুহাম্মদ ফয়জুল করিম। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশে চাঁদাবাজি, অনাচার ও অরাজকতা বাড়বে, জনগণ শান্তিতে ঘুমাতেও পারবে না।রোববার (২৬ অক্টোবর) বিকেল ৩টায় সরকারি বাকেরগঞ্জ কলেজ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখা আয়োজিত গণসমাবেশে দলটির নায়েবে আমীর মুফতি মুহাম্মদ ফয়জুল করিম প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সমালোচনায় বলেন,“বিএনপি যদি ক্ষমতায় আসে, জনগণ ঘুমাতে পারবে না, ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবে না, এমনকি সুন্দরী নারীরাও রাস্তায় বের হতে পারবে না।”তিনি জনগণকে সতর্ক করে বলেন, “আপনারা জুলুমকারী ও চাঁদাবাজদের পরিবর্তন চান না? এদের উচ্ছেদ করতে হাতপাখায় ভোট দিন, তাহলেই দেশে শান্তি ফিরে আসবে।”সমাবেশে রাষ্ট্র সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন ও সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় নির্বাচন দাবিও তোলা হয়।অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে ফয়জুল করিম বলেন, “আপনারা পিআর পদ্ধতি মানলেন না, গণহত্যার বিচার করলেন না। আমরা ভেবেছিলাম বৈষম্য দূর হবে, কিন্তু সংখ্যালঘু মুসলমানদের ওপর বৈষম্য আজও চলছে।”তিনি আরও বলেন, “১৯৭১ থেকে ২০২৪ পর্যন্ত আওয়ামী লীগ, বিএনপি, মুসলিম লীগ—সব সরকার দেশ চালিয়েছে, কিন্তু কেউ জনগণের ভাগ্য পরিবর্তন করতে পারেনি। দল ও নেতার বদল নয়, সৎ নেতৃত্বের প্রয়োজন।”সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা, যাদের মধ্যে ছিলেন মাওলানা আব্দুর রাজ্জাক, ড. মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, মাওলানা নূরুল ইসলাম আল-আমিন চৌধুরীসহ আরও অনেকে।বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ইসলামী মূল্যবোধভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন এবং শান্তি, ন্যায় ও নৈতিকতার পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
কপিরাইট © ২০২৬ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত