প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৫
জুলাই গণহত্যার রায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে: হেফাজতে ইসলাম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক ইন্ডিয়ায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর এই রায়কে 'সুষ্ঠু, স্বচ্ছ ও বিতর্কমুক্ত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত হওয়া' বলে অভিহিত করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।সোমবার (১৭ নভেম্বর, ২০২৫) সংবাদমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে হেফাজত নেতারা এই মন্তব্য করেন।হেফাজত নেতারা তাঁদের বিবৃতিতে উল্লেখ করেন, 'গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেওয়ায় ন্যায়বিচার নিশ্চিত হয়েছে। শহীদদের পরিবারে প্রশান্তি এসেছে। শোকে পাথর হওয়া মজলুমদের চোখ ও হৃদয়গুলো আনন্দে সিক্ত হয়ে উঠেছে। এজন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি।' তাঁরা আরও বলেন, ফ্যাসিস্টদের বিচার বানচাল করতে ভারতের যে ষড়যন্ত্র ছিল, তা ব্যর্থ হয়েছে।বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের এই রায় বাংলাদেশে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী সংগ্রামের বিজয়কে আরও পাকাপোক্ত করেছে। এটিকে যুগে যুগে ন্যায়বিচারের দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে তারা বলেন, এই রায় 'শাহবাগপ্রসূত বিচারিক হত্যাকাণ্ডের কলঙ্ক মোচনের সূচনাও ঘটিয়েছে।' একই সঙ্গে, ভবিষ্যতে যারা ক্ষমতায় গিয়ে ফ্যাসিস্ট বা স্বৈরাচার হতে চাইবে, তাদের জন্যও এই রায় সতর্কবার্তা এবং তাদেরও একই পরিণতি বরণ করতে হবে।হেফাজত নেতৃবৃন্দ কেবল জুলাই গণহত্যা নয়, বরং পিলখানা হত্যাকাণ্ড ও শাপলা চত্বরের গণহত্যার বিচারও দ্রুত শুরু করার জোর দাবি জানিয়েছেন। একইসঙ্গে, তারা 'ভারতের চিহ্নিত সেবাদাস জাতীয় পার্টি ও ফ্যাসিস্ট আওয়ামী লীগকে দল হিসেবে বিচারপূর্বক আজীবন নিষিদ্ধ করার' দাবি তুলেছেন। তাদের মতে, এটি না করা হলে 'চব্বিশের পরাজিত শক্তি ইন্ডিয়ান আধিপত্যবাদ ও আওয়ামী ফ্যাসিবাদ বারবার মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পাবে।'ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি দেশের কাঠামোগত পরিবর্তনের ওপরও গুরুত্বারোপ করেছে হেফাজতে ইসলাম। তারা 'জুলাই সনদের ভিত্তিতে বাংলাদেশ রাষ্ট্রের ফ্যাসিবাদী কাঠামোর বিলয়' ঘটানোর দাবি জানান। অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের জোর দাবি, বাংলাদেশকে সুশাসন, ন্যায়বিচার ও নাগরিকবান্ধব রাষ্ট্রে রূপ দিতে অবিলম্বে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের আইনি পটভূমি ও বাধ্যবাধকতা নিশ্চিত করা হোক।
হেফাজত নেতারা বিবৃতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর টিমকে সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য সাধুবাদ জানিয়ে শেষ করেন।
কপিরাইট © ২০২৬ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত