প্রকাশের তারিখ : ০১ ডিসেম্বর ২০২৫
জীবন বাজি রেখে হিন্দুর প্রাণ বাঁচালেন মুসলিম তরুণ: উত্তর প্রদেশে একতার বিরল নজির
ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে উত্তর প্রদেশের পিলাভিট জেলায় এক মুসলিম যুবক নিজের জীবন বিপন্ন করে এক হিন্দু ব্যক্তির প্রাণ বাঁচিয়েছেন। গত বৃহস্পতিবার তানাকপুর হাইওয়েতে শুভম তিওয়ারির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে পড়ে গেলে মোহাম্মদ ফয়জাল নামের ওই মাঝি সাহসিকতার পরিচয় দেন। ফয়জালের এই নিঃস্বার্থ প্রচেষ্টা শুধু একটি জীবনই বাঁচায়নি, বরং বিভাজনের রাজনীতির বিপরীতে ভারতে মানুষের মধ্যে থাকা মৌলিক ঐক্যের বার্তাও দিয়েছে।বৃহস্পতিবার শুভম তিওয়ারি যখন তানাকপুর হাইওয়ে দিয়ে যাচ্ছিলেন, তখন হঠাৎ একটি শিশু তাঁর গাড়ির সামনে চলে আসে। শিশুটিকে বাঁচাতে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি রাস্তা থেকে ছিটকে গিয়ে পাশের এক পুকুরে পড়ে যায়। গাড়িটি প্রায় ৫০ ফুট গভীর পানিতে ডুবে যেতে শুরু করে।সে সময় মোহাম্মদ ফয়জাল পুকুরে মাছ ধরছিলেন। তিনি চিৎকারের আওয়াজ এবং শোরগোল শুনে কালক্ষেপণ না করে দ্রুত তাঁর নৌকা নিয়ে ডুবে যাওয়া গাড়িটির দিকে এগিয়ে যান। ভেতরে আটকা পড়েছিলেন শুভম তিওয়ারি। ফয়জাল গাড়ির জানালার মধ্য দিয়ে তিওয়ারিকে টেনে তোলার চেষ্টা করেন। তিনি তিওয়ারির জামাকাপড় ধরে টানলেও তাঁকে বের করতে পারছিলেন না।কয়েকবার চেষ্টার পর ফয়জালের নৌকা উল্টে যায় এবং গাড়িটি পুরোপুরি ডুবে যায়। কিন্তু এত কিছুর পরেও ফয়জাল গাড়িটিকে আঁকড়ে ধরে থাকেন এবং গভীর পানিতে তলিয়ে যাওয়ার মুহূর্তেও তিওয়ারিকে টেনে বের করতে সফল হন।তিওয়ারিকে ডুবন্ত গাড়ি থেকে বের করে আনার পর ফয়জাল তাঁকে পানির উপরে ঠেলে ধরে রাখেন যাতে তিনি ডুবে না যান। এই সময় ঘটনার স্থলে জড়ো হওয়া দর্শকদের মধ্য থেকে দিনেশ কুশওয়াহা নামের এক ব্যক্তি দ্রুত পুকুরে ঝাঁপিয়ে পড়ে ফয়জালকে তিওয়ারিকে নিরাপদে তীরে নিয়ে আসতে সাহায্য করেন।স্থানীয় বাসিন্দারা ফয়জালের এই অসাধারণ সাহসিকতার ভূয়সী প্রশংসা করেছেন। স্থানীয় প্রশাসনও এই দুই যুবককে সাধুবাদ জানিয়েছেন এবং তাঁদের আনুষ্ঠানিকভাবে সম্মানিত করার কথা ভাবছেন। সিটি ম্যাজিস্ট্রেট বিজয়বর্ধন তোমার জানিয়েছেন, তাঁরা উভয়েই "গাড়ি চালকের জীবন বাঁচাতে নিজেদের জীবন বিপন্ন করেছেন।" তিনি তাঁদের সাহসকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া শুরু করতে জেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বলবেন বলেও জানান।উদ্ধার অভিযানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর অনেকেই ধর্ম-পরিচয়ের ঊর্ধ্বে উঠে জীবন বাঁচানোর জন্য ফয়জালের প্রশংসা করেছেন। সামাজিক মাধ্যম ব্যবহারকারী মোহিত চৌহান এক্স-এ (সাবেক টুইটার) লেখেন, "ফয়জাল জাতি, ধর্ম, পরিচয় নিয়ে ভাবেননি। তিনি বিপদে পড়া একজনকে দেখেছেন এবং একজন সভ্য মানুষ হিসেবে যা করার তাই করেছেন। বিজেপি-আরএসএস রাজনীতি সমাজকে বিভক্ত করার যতই চেষ্টা করুক না কেন, ভারতের মানুষের মধ্যে এই মৌলিক ঐক্যের অনুভূতি আজও বিদ্যমান।" রাজনৈতিক ভাষ্যকার কে. সঞ্জয় আইয়ার এই ঘটনাকে ভারতের প্রকৃত চেতনার প্রতিফলন বলে উল্লেখ করেছেন।
কপিরাইট © ২০২৬ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত