প্রকাশের তারিখ : ০৩ ডিসেম্বর ২০২৫
শ্রীলঙ্কার মানবিক বিপর্যয়ে বন্ধুত্বের হাত বাড়ালো বাংলাদেশ: ১০ টন ত্রাণসামগ্রী প্রেরণ
ঘূর্ণিঝড় 'ডিটওয়া'র প্রভাবে শ্রীলঙ্কায় সৃষ্ট আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে শত শত মানুষের প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জরুরি মানবিক সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ সরকার। বন্ধুপ্রতীম দেশটির এই ঘোর বিপর্যয়ে সাড়া দিয়ে প্রধান উপদেষ্টার নির্দেশে বুধবার (৩ ডিসেম্বর, ২০২৫) বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ দল প্রায় ১০ টন ত্রাণসামগ্রী নিয়ে কলম্বোর উদ্দেশ্যে যাত্রা করেছে। এই সহায়তা দুই দেশের দৃঢ় বন্ধুত্বের এক মানবিক নিদর্শন।সাম্প্রতিক ঘূর্ণিঝড় ডিটওয়া শ্রীলঙ্কার উপকূল জুড়ে ভয়াবহ আঘাত হানে, যার ফলস্বরূপ আকস্মিক বন্যা ও ভূমিধস দেশটির জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী, এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত ৩৩৪ জন নিহত হয়েছেন এবং কমপক্ষে ২০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।আর্থ-সামাজিক ক্ষয়ক্ষতির দিক থেকেও পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। বন্যায় ২০ হাজারেরও বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১ লাখ ২৩ হাজার মানুষকে সরকার পরিচালিত অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। এই গুরুতর মানবিক বিপর্যয়ে শ্রীলঙ্কা সরকার দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে এবং আন্তর্জাতিক মহলের কাছে জরুরি ভিত্তিতে সহায়তা চেয়ে আবেদন জানিয়েছে।শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুরোধের প্রেক্ষিতেই বাংলাদেশ সরকার দ্রুততার সাথে এই মানবিক সহায়তার উদ্যোগ নেয়। প্রধান উপদেষ্টার নির্দেশে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হয়।বুধবার বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান ঢাকা থেকে কলম্বোর উদ্দেশ্যে রওনা দেয়। বিমানটিতে বিমান বাহিনীর ১৫ জন ক্রু, সশস্ত্র বাহিনী বিভাগের একজন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি ছিলেন। মিশন কমান্ডারের দায়িত্ব পালন করেন বিমান বাহিনীর এয়ার কমডোর মোহাম্মদ সহিদুল ইসলাম।প্রেরণ করা মোট প্রায় ১০ টন ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে— শুকনো খাবার, আবাসনের জন্য তাঁবু, মশারি, টর্চ লাইট, গাম বুট, ভেস্ট, হ্যান্ড গ্লোভস, রেসকিউ হেলমেট এবং বিপুল পরিমাণ জীবন রক্ষাকারী ঔষধ।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিশ্বাস করে, বাংলাদেশ সরকার কর্তৃক প্রেরিত এই মানবিক সহায়তা শ্রীলঙ্কায় ক্ষতিগ্রস্ত জনগণের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই দিনে মানবিক সহায়তা প্রদান শেষে সি-১৩০জে পরিবহন বিমানটি বাংলাদেশে প্রত্যাবর্তন করবে।
সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ