প্রকাশের তারিখ : ০৪ ডিসেম্বর ২০২৫
পশ্চিমা শক্তিকে খুশি করতে আফগানিস্তানে সংঘাত বাড়াচ্ছেন আসিম মুনির: ইমরান খান
কারাগার থেকে মানসিক ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, সেনাপ্রধান আসিম মুনির পশ্চিমা শক্তিকে খুশি করতে ইচ্ছাকৃতভাবে আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা সৃষ্টি করছেন। তিনি দাবি করেন, তাকে সম্পূর্ণ নির্জন সেলে রেখে বাইরের বিশ্বের সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। পরিস্থিতিকে তিনি “নৈতিকতার দেউলিয়াত্ব” বলে অভিহিত করেন।কারাবন্দি পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বুধবার (৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ প্রকাশিত বার্তায় সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। তিনি বলেন, “পাকিস্তানকে নিয়ে আসিম মুনিরের কোনো উদ্বেগ নেই; পশ্চিমা শক্তিকে সন্তুষ্ট করতেই তিনি সব সিদ্ধান্ত নিচ্ছেন।”ইমরান খানের দাবি, সেনাপ্রধান আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে ‘মুজাহিদ’ হিসেবে উপস্থাপনের উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা সৃষ্টি করেছেন। তিনি উল্লেখ করেন, “প্রথমে আফগানদের হুমকি, তারপর পাকিস্তান থেকে আফগান শরণার্থীদের বহিষ্কার এবং অবশেষে ড্রোন হামলা—এই নীতির ফলেই সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।”নিজের কারাবন্দি অবস্থা সম্পর্কে ইমরান খান অভিযোগ করেন, তাকে সম্পূর্ণ নির্জন কারাগারে রাখা হয়েছে যেখানে টানা চার সপ্তাহ কোনো মানুষের সঙ্গে তার কথা হয়নি। কারাগারের নিয়ম অনুযায়ী যেসব মৌলিক সুযোগ-সুবিধা পাওয়ার কথা, সেগুলোও প্রত্যাহার করা হয়েছে বলে তিনি জানান। এ অবস্থাকে তিনি “মানসিক নির্যাতন” বলে দাবি করেন।ইমরান খান সেনাপ্রধানকে “মানসিক ভারসাম্যহীন” আখ্যা দিয়ে বলেন, “তার নীতির কারণে পাকিস্তানের সংবিধান ও আইনের ভিত্তি ধসের মুখে।”সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ইমরান খানের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে, যা পাকিস্তানজুড়ে উত্তেজনা তৈরি করে। শেষে ২ ডিসেম্বর বিকেলে তার বড় বোন উজমা খান আদিয়ালা কারাগারে গিয়ে তার সঙ্গে দেখা করেন। সেখানেই ইমরান খান তাকে নির্যাতনের বিস্তারিত জানান, যা পরে তার এক্স অ্যাকাউন্টে প্রকাশিত হয়।
কপিরাইট © ২০২৬ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত