প্রকাশের তারিখ : ১৩ ডিসেম্বর ২০২৫
গুলিবিদ্ধ ওসমান হাদি স্থিতিশীল, তবে অবস্থা এখনও সংকটাপন্ন: মেডিকেল বোর্ড
রাজধানীতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা এই জুলাই যোদ্ধার কিডনির কার্যক্ষমতা ফিরে এসেছে। তবে মাথায় গুলিবিদ্ধ হয়ে মস্তিষ্কে মারাত্মক ক্ষতির কারণে তার সামগ্রিক অবস্থা এখনও অত্যন্ত উদ্বেগজনক বলে জানিয়েছে চিকিৎসকদের গঠিত মেডিকেল বোর্ড।এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টায় সর্বশেষ ব্রিফিং দেয় মেডিকেল বোর্ড। বোর্ডের প্রধান, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. জাফর ইকবালের বরাতে এ তথ্য জানান ঢাকা মেডিকেল কলেজ নিউরোসার্জারি বিভাগের আবাসিক চিকিৎসক ও ন্যাশনাল হেলথ এলায়েন্সের সদস্য সচিব ডা. আব্দুল আহাদ।মেডিকেল বোর্ড জানায়, গুলির আঘাতে রোগীর মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতোমধ্যে প্রয়োজনীয় সার্জিক্যাল হস্তক্ষেপ সম্পন্ন হওয়ায় বর্তমানে তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে। ব্রেন প্রোটেকশন প্রোটোকল অনুসরণ করে সব ধরনের লাইফ সাপোর্ট চালু রয়েছে। শারীরিক অবস্থা কিছুটা উন্নত হলে পুনরায় ব্রেনের সিটি স্ক্যান করা হবে।চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, হাদির ফুসফুসেও ইনজুরি রয়েছে। চেস্ট ড্রেইন টিউবের মাধ্যমে অল্প পরিমাণ রক্ত বের হওয়ায় তা আপাতত চালু রাখা হয়েছে। ফুসফুসে সংক্রমণ ও অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম (এআরডিএস) প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হচ্ছে এবং ভেন্টিলেটর সাপোর্ট অব্যাহত থাকবে।ডা. আব্দুল আহাদ আরও জানান, পূর্বে হাদির কিডনির কার্যক্ষমতা মারাত্মকভাবে ব্যাহত হলেও বর্তমানে তা ফিরে এসেছে। এই কার্যক্ষমতা বজায় রাখতে পূর্বনির্ধারিত ফ্লুইড ব্যালেন্স কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। একই সঙ্গে শরীরে রক্ত জমাট বাঁধা ও রক্তক্ষরণের ভারসাম্যহীনতা (ডিআইসি) আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে এলেও সার্বক্ষণিক পর্যবেক্ষণ চলছে। প্রয়োজন অনুযায়ী রক্ত ও রক্তজাত উপাদান সঞ্চালন অব্যাহত থাকবে।চিকিৎসকরা জানান, ব্রেন স্টেম ইনজুরির কারণে রোগীর রক্তচাপ ও হৃদস্পন্দনে অস্বাভাবিক ওঠানামা দেখা যাচ্ছে। রক্তচাপ নিয়ন্ত্রণে যে সাপোর্ট দেওয়া হচ্ছে, তা চলমান থাকবে। হৃদস্পন্দন বিপজ্জনক মাত্রায় নেমে গেলে তাৎক্ষণিকভাবে টেম্পোরারি পেসমেকার স্থাপনের জন্য সংশ্লিষ্ট টিম সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।মেডিকেল বোর্ড একযোগে সবাইকে হাসপাতালে ভিড় না করার আহ্বান জানিয়েছে এবং হাদির শারীরিক অবস্থা নিয়ে অনুমানভিত্তিক বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করেছে। পাশাপাশি তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।এর আগে শনিবার সকাল সাড়ে ১১টায় অধ্যাপক ডা. মো. জাফর ইকবালের নেতৃত্বে ১৩ সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড গঠন করা হয়। বোর্ডে নিউরোসার্জারি, নিউরোমেডিসিন, কার্ডিওলজি, নেফ্রোলজি, রেসপিরেটরি মেডিসিন, হেমাটোলজি, কার্ডিওথোরাসিক সার্জারি, অর্থোপেডিক্সসহ বিভিন্ন বিভাগের সিনিয়র কনসালটেন্টরা অন্তর্ভুক্ত রয়েছেন।উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে জুমার নামাজ শেষে রিকশাযোগে ফেরার পথে রাজধানীর বিজয়নগরের কালভার্ট এলাকায় পেছন থেকে আসা একটি মোটরসাইকেল থেকে খুব কাছ থেকে ওসমান হাদির মাথা লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলি মাথার ডান পাশ দিয়ে ঢুকে বাম পাশ দিয়ে বেরিয়ে যায়। ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় হামলাকারীরা। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
এই হামলার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে তীব্র উদ্বেগ ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
কপিরাইট © ২০২৬ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত