প্রকাশের তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৫
সুনামগঞ্জ সীমান্তে ২৪টি শক্তিশালী ইলেকট্রিক ডিটনেটর উদ্ধার: নাশকতার বড় পরিকল্পনা নস্যাৎ
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে বিজিবির এক বিশেষ অভিযানে ২৪টি শক্তিশালী ইলেকট্রিক ডিটনেটর উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে সীমান্তের মাইজহাটি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব বিস্ফোরক সরঞ্জাম জব্দ করা হয়। বিজিবির ধারণা, দেশে বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে এই বিস্ফোরকগুলো সীমান্ত দিয়ে আনা হয়েছিল।সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর উপজেলার চারাগাঁও বিওপির একটি টহল দল চারাগাঁও সীমান্তের মাইজহাটি এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে বিজিবি সদস্যরা পলিথিনে মোড়ানো অবস্থায় ২৪টি ইলেকট্রিক ডিটনেটর উদ্ধার করতে সক্ষম হন। তবে অভিযানের সময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।বিশেষজ্ঞদের মতে, উদ্ধারকৃত এই ডিটনেটরগুলো অত্যন্ত বিপজ্জনক। এগুলো ব্যবহার করে উচ্চ ক্ষমতাসম্পন্ন ইম্প্রভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস (IED) বা হাতে তৈরি শক্তিশালী বোমা তৈরি করা সম্ভব। মূলত বড় ধরনের কোনো স্থাপনা ধ্বংস বা নাশকতার কাজে এই ধরনের সরঞ্জাম ব্যবহার করা হয়।সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দেশে বর্তমান বিদ্যমান স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করার লক্ষ্যেই এই চোরাচালান করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং অপরাধীদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত ডিটনেটরগুলো যথাযথ প্রক্রিয়ায় ধ্বংস বা আইনি ব্যবস্থার আওতায় নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
কপিরাইট © ২০২৬ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত