প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫
ব্রিটিশ সেনাবাহিনীতে যোগদানের নতুন সুযোগ: তরুণদের জন্য ৩ মাসের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশের তরুণ প্রজন্মের মধ্যে সামরিক বাহিনীর প্রতি আগ্রহ বাড়াতে এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছে। উচ্চশিক্ষার মাঝে বিরতি নেওয়া (Gap Year) ২৫ বছরের কম বয়সী তরুণদের জন্য তিন মাস মেয়াদী একটি স্বেচ্ছাসেবী সামরিক প্রশিক্ষণ কর্মসূচি চালুর প্রস্তুতি নিচ্ছে দেশটি। এই প্রকল্পের মাধ্যমে তরুণরা কেবল সামরিক অভিজ্ঞতা অর্জনই নয়, বরং বেতনভুক্ত হয়ে দেশসেবার সুযোগ পাবেন।ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় (MoD) সূত্রে জানা গেছে, ২০২৬ সালের মার্চ মাস থেকে এই পরীক্ষামূলক কর্মসূচি শুরু হতে পারে। প্রাথমিকভাবে ১৫০ জন তরুণকে নিয়ে শুরু হওয়া এই প্রকল্প দুই বছর মেয়াদী হবে, যার লক্ষ্য অন্তত এক হাজার তরুণকে মৌলিক সামরিক প্রশিক্ষণ প্রদান করা। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের জন্য স্থায়ীভাবে সেনাবাহিনীতে যোগদানের সুযোগও উন্মুক্ত থাকবে।ব্রিটিশ সংবাদমাধ্যম 'দ্য আই পেপার'-এর তথ্য অনুযায়ী, যারা রয়্যাল নেভিতে যোগ দিতে আগ্রহী, তাদের জন্য প্রশিক্ষণের মেয়াদ হবে এক বছর। অন্যদিকে, রয়্যাল এয়ারফোর্সের অংশগ্রহণ নিয়ে বর্তমানে প্রাথমিক পর্যায়ের আলোচনা চলছে। প্রশিক্ষণ চলাকালীন তরুণরা ব্রিটিশ সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট, ন্যাটো মিশন এবং এমনকি শান্তিরক্ষা মিশনেও দায়িত্ব পালনের সুযোগ পেতে পারেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভবিষ্যতে ইউক্রেনে কোনো যুদ্ধবিরতি কার্যকর হলে এবং সেখানে শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা হলে, এই তরুণ প্রশিক্ষনার্থীদের সেখানেও পাঠানোর সম্ভাবনা রয়েছে।প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি এই উদ্যোগকে একটি "নতুন যুগের সূচনা" হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, "এই প্রকল্প ব্রিটিশ তরুণদের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর অনন্য অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেবে। এটি সমাজকে সেনাবাহিনীর সাথে পুনরায় সম্পৃক্ত করার এবং জাতীয় নিরাপত্তার জন্য একটি সমন্বিত সামাজিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার প্রচেষ্টার অংশ।"প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী টোবিয়াস এলউড এই উদ্যোগকে স্বাগত জানালেও ভিন্ন সুর শোনা গেছে প্রাক্তন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল অ্যালান উইলিয়াম জন ওয়েস্টের কণ্ঠে। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, যদিও তরুণদের সেনাবাহিনীমুখী করা জরুরি, তবে বর্তমান প্রতিরক্ষা বাজেটে নতুন নিয়োগপ্রাপ্তদের জন্য পর্যাপ্ত সরঞ্জাম এবং অর্থের অভাব রয়েছে।উল্লেখ্য, অস্ট্রেলিয়ার ১৭-২৪ বছর বয়সীদের জন্য বর্তমানে ১ বছর মেয়াদী অনুরূপ একটি কর্মসূচি চালু রয়েছে। এছাড়া ডেনমার্ক এবং ফ্রান্সেও একই ধরনের সামরিক প্রশিক্ষণ প্রকল্প বিদ্যমান।
কপিরাইট © ২০২৬ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত