প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬
স্বাধীনতার ৫৫ বছরে দেশবাসী লাল-সবুজ পতাকা ছাড়া আর কিছুই পায়নি: চরমোনাই পীর
স্বাধীনতার অর্ধশতাব্দী পেরিয়ে গেলেও সাধারণ মানুষের মৌলিক অধিকার ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। তিনি অভিযোগ করেছেন, বিগত সরকারগুলোর নতজানু পররাষ্ট্রনীতির কারণে দেশের সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর যাত্রাবাড়ীতে এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর যাত্রাবাড়ীর কাজলারপাড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাজি মো. ইবরাহীমের সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চরমোনাই বলেন, "স্বাধীনতার ৫৫ বছর অতিবাহিত হলেও আজও দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হয়নি। শোষণ, বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল, কিন্তু সাধারণ মানুষের জীবনমানে প্রত্যাশিত কোনো পরিবর্তন আসেনি। স্বাধীনতার বিনিময়ে দেশবাসী প্রকৃত অর্থে একটি লাল-সবুজ পতাকা ছাড়া আর তেমন কিছুই পায়নি।"তিনি প্রতিবেশী দেশের হস্তক্ষেপের সমালোচনা করে বলেন, বিগত সরকারের অতিমাত্রায় তাবেদারির কারণে ভারত বাংলাদেশকে তাদের একটি অঙ্গরাজ্য মনে করে ইচ্ছেমতো আচরণ করছে। এর ফলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ হয়েছে। দেশ বাঁচাতে হলে 'তাকওয়াবান' নেতা নির্বাচনের কোনো বিকল্প নেই।অন্যান্য রাজনৈতিক দলের সমালোচনা করে তিনি বলেন, একদল ক্ষমতার রঙিন স্বপ্ন দেখে জনতাকে ধোঁকা দেওয়ার নীল নকশা করছে। যারা নিজেদের সাথীদের সঙ্গেই ধোঁকাবাজি করে, তাদের হাতে ইসলাম ও দেশ নিরাপদ নয়। জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের সক্রিয় ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, হাতপাখা কখনোই অন্যায়ের সাথে আপস করে ক্ষমতার সহজ রাস্তা বেছে নেয়নি।জনসভায় ঢাকা-৫ আসনের প্রার্থী হাজি মো. ইবরাহীম বলেন, "আমি আপনাদেরই সন্তান। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৭নং ওয়ার্ডের দুইবারের নির্বাচিত কাউন্সিলর হিসেবে আমি সততা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করেছি। এবার আপনাদের সমর্থনে আমি চাঁদাবাজি, দখলদারি ও দুর্নীতিমুক্ত একটি আধুনিক ও নিরাপদ ঢাকা-৫ আসন উপহার দিতে চাই।"জনসভায় ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে পীর সাহেব চরমোনাই দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
কপিরাইট © ২০২৬ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত