প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬
হজ কার্যক্রম রোডম্যাপ অনুযায়ী অগ্রসর: তৎপর ধর্ম মন্ত্রণালয় ও সৌদি দূতাবাস
আসন্ন হজ মৌসুমকে সামনে রেখে নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী সফলভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের হজ ব্যবস্থাপনা। হজযাত্রীদের আবাসন নিশ্চিত করতে সৌদি আরবের মক্কা ও মদিনায় বাড়িভাড়া প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সরকারের নিবিড় তদারকির ফলে এ বছর হাজীদের ভোগান্তি কমাতে এবং স্বচ্ছতা নিশ্চিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা।বুধবার দুপুরে সচিবালয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ-র মধ্যে এক উচ্চপর্যায়ের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে হজের সার্বিক প্রস্তুতি, আবাসন ব্যবস্থাপনা এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।ধর্ম উপদেষ্টা জানান, মক্কা ও মদিনায় হজযাত্রীদের জন্য বাড়িভাড়া চুক্তি সম্পাদনের বিষয়টি ধর্ম মন্ত্রণালয় সরাসরি এবং নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ইতোমধ্যে মদিনা ও মক্কায় উল্লেখযোগ্য সংখ্যক হজযাত্রীর জন্য আবাসন নিশ্চিত করা হয়েছে। অবশিষ্ট হজযাত্রীদের জন্য নির্ধারিত সময়সীমার (ডেডলাইন) মধ্যে চুক্তি সম্পন্ন করতে হজ এজেন্সিগুলোকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।বৈঠকে সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশের হজ ব্যবস্থাপনার বর্তমান অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। তিনি জোর দিয়ে বলেন, একটি সুষ্ঠু ও সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনার জন্য নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী বাড়িভাড়া সম্পন্ন করা অত্যন্ত জরুরি। এ বছর বাংলাদেশের হজযাত্রীদের কোটা নির্ধারণে সহযোগিতার জন্য ধর্ম উপদেষ্টা সৌদি সরকারকে বিশেষ ধন্যবাদ জানান।সাক্ষাৎকালে উভয় পক্ষই দুই দেশের ভ্রাতৃত্বপ্রতিম সম্পর্ককে আরও সুসংহত করার অঙ্গীকার ব্যক্ত করেন। বাড়িভাড়া প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা বিলম্ব যেন না হয়, সে বিষয়ে মন্ত্রণালয় জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। বৈঠকে ধর্ম সচিব মো. কামাল উদ্দিনসহ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত