প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬
বিশ্বে একই দিনে ঈদ পালনের মতবাদ ধর্ম ও বিজ্ঞানবিরোধী: খতিব মুফতি আব্দুল মালেক
সারা বিশ্বে একই দিনে রোজা ও ঈদ পালনের দাবিকে ধর্মীয় ও বৈজ্ঞানিক উভয় দৃষ্টিকোণ থেকে অযৌক্তিক বলে অভিহিত করেছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। তিনি জানান, ভৌগোলিক ভিন্নতা ও চাঁদ উদয়ের সময়ের পার্থক্যের কারণে বিশ্বব্যাপী একক দিনে উৎসব পালন শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের মৌলিক নীতির পরিপন্থী। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক জাতীয় সেমিনারে তিনি এসব তথ্য তুলে ধরেন।শনিবার (৯ মে) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘রোজা ও ঈদ বিশ্বব্যাপী একই দিনে পালনের দাবির ভ্রান্তি নিরসন ও শরিয়াহ বিশ্লেষণ’ শীর্ষক একটি জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়। দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশ আয়োজিত এই অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় আলেম, ফকিহ এবং গবেষকরা অংশ নেন।প্রধান অতিথির বক্তব্যে প্রখ্যাত ফকিহ মুফতি আব্দুল মালেক বলেন, "যারা সারা বিশ্বে একই দিনে ঈদ পালনের কথা বলেন, তারা মূলত শরিয়াহর অকাট্য বিধান এবং জ্যোতির্বিজ্ঞানের বাস্তবতাকে অস্বীকার করছেন।" তিনি ব্যাখ্যা করেন যে, ইসলাম প্রতিটি অঞ্চলের চাঁদ দেখার ওপর ভিত্তি করে রোজা ও ঈদের সিদ্ধান্ত নেওয়ার স্পষ্ট নির্দেশনা দিয়েছে। কোনো নির্দিষ্ট অঞ্চলে চাঁদ দেখা যাওয়ার পর অন্য অঞ্চলের খবরের অপেক্ষায় ঈদ বিলম্বিত করা যেমন শরিয়তবিরোধী, তেমনি বৈশ্বিক সময়ের পার্থক্য উপেক্ষা করে জোরপূর্বক একদিনে ঈদ পালন করাও অবাস্তব।সেমিনারে বক্তারা উল্লেখ করেন, পৃথিবীর বিভিন্ন প্রান্তে সময়ের ব্যবধান এবং ভিন্ন ভিন্ন দিগন্তে চাঁদ উদিত হওয়ার কারণে বৈজ্ঞানিকভাবেই একদিনে সারা বিশ্বে চাঁদ দেখা সম্ভব নয়। ফলে এই দাবিটি আধুনিক জ্যোতির্বিজ্ঞানের সাথেও সরাসরি সাংঘর্ষিক। বক্তাদের মতে, স্থানীয়ভাবে চাঁদ দেখে ইবাদত পালনই ইসলামের প্রকৃত সৌন্দর্য ও নিয়ম।সেমিনারে দেশের বিশিষ্ট আলেম ও গবেষকরা এই বিষয়ে একাত্মতা পোষণ করেন। বক্তব্য রাখেন: মাওলানা মাহফুজুল হক, মহাসচিব, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড। শায়খ আহমাদুল্লাহ, চেয়ারম্যান, আস-সুন্নাহ ফাউন্ডেশন। মুফতি ইসমাইল সিরাজী, চেয়ারম্যান, চাঁদ পর্যবেক্ষণ পরিষদ বাংলাদেশ। ড. মুহাম্মদ গোলাম রব্বানী, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। ড. এস এম লুৎফুল কবির, সাবেক অধ্যাপক, বুয়েট।বক্তারা সম্মিলিতভাবে বলেন, শরিয়াহসম্মতভাবে চাঁদ দেখার গুরুত্ব অপরিসীম। বিশ্বব্যাপী একই দিনে ঈদ পালনের দাবিটি মুসলিম উম্মাহর মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে, যা নিরসন করা জরুরি। তারা সাধারণ মানুষকে বিভ্রান্ত না হয়ে নিজ নিজ ভূখণ্ডে চাঁদ দেখার ওপর ভিত্তি করে ধর্মীয় উৎসব পালনের আহ্বান জানান।গত কয়েক বছর ধরে সামাজিক যোগাযোগমাধ্যম এবং কিছু ছোট গোষ্ঠীর পক্ষ থেকে দাবি তোলা হচ্ছে যে, সৌদি আরবের সঙ্গে মিল রেখে সারা বিশ্বে একদিনে ঈদ পালন করা উচিত। এর ফলে গ্রাম পর্যায়ে এবং সাধারণ মুসলিমদের মধ্যে ঈদ উদযাপনের তারিখ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হতে দেখা গেছে। এই বিভ্রান্তি দূর করতেই আজকের এই বিশেষ সেমিনার আয়োজিত হয়।
কপিরাইট © ২০২৬ কওমী টাইমস । সর্বস্বত্ব সংরক্ষিত