প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬
রাজস্থানে আখরসে মাংস মেশানোর মিথ্যা অভিযোগে মুসলিম দোকানিকে মারধর
ভারতের রাজস্থানে চরম মুসলিম বিদ্বেষ ও মানবাধিকার লঙ্ঘনের এক উদ্বেগজনক ঘটনা সামনে এসেছে। রাজ্যটির ভরতপুর জেলায় আখের রসে মাংসের টুকরো মেশানোর সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ তুলে এক মুসলিম দোকানিকে নৃশংসভাবে মারধর করেছে হিন্দুত্ববাদী কর্মীরা। ভুক্তভোগী ব্যবসায়ী নিজেকে নির্দোষ দাবি করলেও উন্মত্ত জনতার হাত থেকে রেহাই পাননি। একই সময়ে উত্তরপ্রদেশের বৃন্দাবনেও এক মুসলিম বিরিয়ানি বিক্রেতাকে হুমকি দিয়ে তার রুটি-রুজির দোকানটি জোরপূর্বক বন্ধ করে দেওয়া হয়েছে।ভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ওপর উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর ধারাবাহিক হেনস্থা ও অর্থনৈতিক বয়কটের অংশ হিসেবে রাজস্থান ও উত্তরপ্রদেশে দুটি পৃথক নিন্দনীয় ঘটনা ঘটেছে।রাজস্থানের ভরতপুর জেলায় আখের রস বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন এক মুসলিম ব্যক্তি। হঠাৎ করেই একদল উগ্র হিন্দুত্ববাদী কর্মী তার দোকানে চড়াও হয় এবং অভিযোগ তোলে যে, তিনি আখের রসের সাথে মাংসের টুকরো মিশিয়ে বিক্রি করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, উগ্র ডানপন্থী যুবকদের একটি বড় দল দোকানটির সামনে জড়ো হয়ে উসকানিমূলক ধর্মীয় স্লোগান দিচ্ছে।ভুক্তভোগী মুসলিম দোকানি বারবার হাত জোড় করে তাদের কাছে আকুতি জানান এবং বলেন যে তিনি সম্পূর্ণ নির্দোষ। তিনি স্পষ্ট ভাষায় বলেন, "আমি মুসলিম বলেই আমাকে অন্যায়ভাবে টার্গেট করা হচ্ছে এবং আমার রুটি-রুজি কেড়ে নেওয়ার চেষ্টা চলছে।" কিন্তু তার কোনো যুক্তি বা অনুরোধ উগ্রবাদীদের শান্ত করতে পারেনি। চরম মানবাধিকার লঙ্ঘন করে প্রকাশ্য দিবালোকে তাকে শারীরিকভাবে নির্যাতন ও লাঞ্ছিত করা হয়।এদিকে, উত্তরপ্রদেশের পবিত্র ধর্মীয় শহর হিসেবে পরিচিত বৃন্দাবনে ঘটে যাওয়া আরেকটি ঘটনায় মুসলিমদের অর্থনৈতিকভাবে পঙ্গু করার নির্মম চিত্র ফুটে উঠেছে। সেখানে এক মুসলিম রাস্তার পাশে একটি অস্থায়ী দোকানে বিরিয়ানি বিক্রি করে সংসার চালাতেন। দীপক তিওয়ারি নামের এক তথাকথিত ‘গোরক্ষক’ ও ডানপন্থী নেতা একদল সমর্থক নিয়ে ওই দোকানে চড়াও হয়।উন্মত্তভাবে "জয় জয় শ্রী রাম" স্লোগান দিয়ে দীপক তিওয়ারি ওই গরিব বিক্রেতাকে শাসিয়ে বলে, "এই পবিত্র শহরে কোনো মাংসের খাবার বিক্রি করা যাবে না। এই দোকান এখনই পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া উচিত। এটা এখান থেকে সরিয়ে নিয়ে যাও, একদম পরিষ্কার কথা।" চরম হুমকির মুখে নিজের ও পরিবারের নিরাপত্তার স্বার্থে ওই অসহায় মুসলিম বিক্রেতা তার দোকানটি বন্ধ করে দিতে বাধ্য হন।বিশ্লেষকরা বলছেন, ভারতে ধর্মীয় মেরুকরণ এবং সংখ্যালঘু মুসলিমদের নিশানা করে মিথ্যা গুজব ছড়িয়ে মারধর ও তাদের ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দেওয়ার এই প্রবণতা চরম আকার ধারণ করেছে, যা মৌলিক মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।
সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ