প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬
ইলিয়াস আলী গুম মামলা: র্যাবের সাবেক কর্মকর্তা সাইফুর রহমানকে গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনাল
বিএনপির কেন্দ্রীয় নেতা এম ইলিয়াস আলীকে ২০১২ সালে গুম করার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা ও র্যাবের তৎকালীন গোয়েন্দা শাখার সদস্য উইং কমান্ডার সাইফুর রহমানকে গ্রেপ্তার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোবাবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর তিন সদস্যের বিচারক প্যানেল এই আদেশ জারি করেন।চৌদ্দ বছর আগে ঢাকা থেকে বিএনপির প্রভাবশালী নেতা এম ইলিয়াস আলীকে গুম করার মানবতাবিরোধী অপরাধের মামলায় বড় অগ্রগতি হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত প্রাক্তন সামরিক কর্মকর্তা উইং কমান্ডার সাইফুর রহমানকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।রোববার দুপুরে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এই গুরুত্বপূর্ণ আদেশ প্রদান করেন। ট্রাইব্যুনালের অপর দুই বিচারক সদস্য ছিলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী। পরবর্তী কার্যক্রম ও শুনানির জন্য আগামী ২৫ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।এর আগে সকালে অভিযুক্ত সাইফুর রহমানকে কঠোর নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির করা হয়। দুপুর ২টার পর তাকে আদালত কক্ষে উপস্থাপন করা হলে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম তাকে ইলিয়াস আলী গুম মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের আবেদন জানান। আদালত শুনানি শেষে প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করেন। এর আগে গত ৯ আগস্ট ট্রাইব্যুনাল সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সূত্র জানায়, এক দশকেরও বেশি সময় আগে বিএনপি নেতা ইলিয়াস আলীকে তুলে নেওয়ার প্রথম প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর, র্যাবের তৎকালীন গোয়েন্দা প্রধান মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের নেতৃত্বে দ্বিতীয় চেষ্টায় তাকে অপহরণ ও গুম করা হয়। তদন্তে এই মানবতাবিরোধী অপরাধে সাইফুর রহমানের প্রত্যক্ষ সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।ঘটনার সময় বিমান বাহিনীর তৎকালীন স্কোয়াড্রন লিডার সাইফুর রহমান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন। অন্যদিকে তৎকালীন লেফট্যানেন্ট কর্নেল জিয়াউল আহসান ছিলেন র্যাবের গোয়েন্দা বিভাগের পরিচালক। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জিয়াউল আহসান ইতিমধ্যেই গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।গ্রেপ্তারকৃত সাইফুর রহমান সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের জামাতা। তিনি সর্বশেষ বিমান সদর দপ্তরের ডিরেক্টরেট অব এয়ার ট্রেনিংয়ের ডেপুটি ডিরেক্টর হিসেবে দায়িত্বরত ছিলেন। চলতি বছরের ২১ জুন ট্রাইব্যুনালে এক জবানবন্দিতে ইলিয়াস আলীর গুম ও হত্যাকাণ্ডে সাইফুরের নাম উঠে আসে।
সম্পাদক ও প্রকাশক : আহমাদ আওয়াহ