বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
কওমী টাইমস

সুদানে আরএসএফের ড্রোন হামলায় ৪০ জন নিহত, বেসামরিকদের লক্ষ্য করে হামলার অভিযোগ

আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর ড্রোন হামলায় সুদানের উত্তর করদোফানে অন্তত ৪০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। প্রাদেশিক রাজধানী আল-ওবেইদের কাছাকাছি একটি গ্রামে এ হামলা চালানো হয়। স্থানীয় প্রশাসন বলছে, এটি বেসামরিক জনগণের ওপর বর্বর হামলার নতুন উদাহরণ। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার সুদানের উত্তর করদোফান প্রদেশের আল-ওবেইদ শহরের পূর্বাঞ্চলীয় আল-লুয়াইব গ্রামে ড্রোন হামলাটি চালানো হয়। স্থানীয় কর্মকর্তারা জানান, অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য ব্যবহৃত একটি তাঁবুকে লক্ষ্য করে হামলা চালানো হয়, যাতে নারী, শিশু ও বয়োবৃদ্ধসহ অন্তত ৪০ জন নিহত হন এবং বহু মানুষ আহত হন।প্রাদেশিক সরকার এক বিবৃতিতে জানিয়েছে, “এই হামলা বেসামরিক মানুষের ওপর আরএসএফের অপরাধের নতুন সংযোজন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।” সরকার আরও জানিয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানানো হচ্ছে—আরএসএফকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করতে এবং বেসামরিক জনগণের ওপর হামলা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে।হামলার আগে আরএসএফ প্রকাশ্যে জানিয়েছিল যে তারা শিগগিরই আল-ওবেইদ শহরে অভিযান চালাবে। ধারণা করা হচ্ছে, ওই ঘোষণারই অংশ হিসেবে এ ড্রোন হামলা চালানো হয়েছে।এর আগে গত ২৬ অক্টোবর আরএসএফ উত্তর দারফুর প্রদেশের রাজধানী এল-ফাশের শহর দখল করে। দখলের পর সেখানে ব্যাপক হত্যাযজ্ঞ চালানো হয়, যেখানে শতাধিক বেসামরিক নাগরিক প্রাণ হারান। বিশ্লেষকরা বলছেন, সুদানে সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে চলমান সংঘাত এখন গৃহযুদ্ধের রূপ নিয়েছে। বেসামরিক জনগণই এর সবচেয়ে বড় ভুক্তভোগী, আর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই এ পরিস্থিতি মোকাবিলায় বিশ্ব সম্প্রদায়ের দৃঢ় পদক্ষেপের আহ্বান জানিয়ে আসছে।

সুদানে আরএসএফের ড্রোন হামলায় ৪০ জন নিহত, বেসামরিকদের লক্ষ্য করে হামলার অভিযোগ