বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
কওমী টাইমস

নাইজেরিয়ায় মসজিদে ভয়াবহ বোমা হামলা: নামাজরত ৭ মুসল্লির মৃত্যু

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যের রাজধানী মাইদুগুরিতে একটি জনাকীর্ণ মসজিদে শক্তিশালী বিস্ফোরণে অন্তত সাতজন মুসল্লি নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় মাগরিবের নামাজের সময় এই হামলার ঘটনা ঘটে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি, তবে স্থানীয় নিরাপত্তা বাহিনী একে জঙ্গি হামলা হিসেবে সন্দেহ করছে।স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টার দিকে মাইদুগুরির গামবোরু বাজার এলাকার একটি মসজিদে এই বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মুসল্লিরা যখন নামাজের জন্য সমবেত হয়েছিলেন, ঠিক তখনই মসজিদের ভেতরে বিকট শব্দে বিস্ফোরণ হয়।স্থানীয় অ্যান্টি-জিহাদি মিলিশিয়া নেতা বাবাকুরা কোলো জানান, এখন পর্যন্ত সাতটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মসজিদের ইমাম মালাম আবুনা ইউসুফ দাবি করেছেন, নিহতের সংখ্যা অন্তত আটজন। বিস্ফোরণে আরও অনেকে গুরুতর আহত হয়েছেন, যাদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হতাহতের প্রকৃত সংখ্যা এখনো নিশ্চিত করতে পারেনি প্রশাসন।পুলিশের মুখপাত্র নাহুম দাসো নিশ্চিত করেছেন যে, বিস্ফোরণস্থলটি ঘিরে রাখা হয়েছে এবং পুলিশের একটি বিস্ফোরক বিশেষজ্ঞ দল (EOD) সেখানে কাজ করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মসজিদের ভেতরে আগে থেকেই বিস্ফোরক ডিভাইস পুঁতে রাখা হয়েছিল। তবে কোনো কোনো প্রত্যক্ষদর্শী একে আত্মঘাতী হামলা বলেও দাবি করছেন।মাইদুগুরি দীর্ঘকাল ধরে বোকো হারাম এবং আইএসডব্লিউএপি (ISWAP)-এর মতো জঙ্গি গোষ্ঠীগুলোর লক্ষ্যবস্তু হয়ে আসছে। ২০০৯ সাল থেকে চলা এই বিদ্রোহে নাইজেরিয়ায় প্রায় ৪০,০০০ মানুষ প্রাণ হারিয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন ২০ লাখেরও বেশি মানুষ। যদিও সাম্প্রতিক বছরগুলোতে শহরে হামলার ঘটনা কমে এসেছিল, তবে এই বিস্ফোরণটি নতুন করে নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। ঘটনার পর আন্তর্জাতিক এনজিওগুলো তাদের কর্মীদের ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

নাইজেরিয়ায় মসজিদে ভয়াবহ বোমা হামলা: নামাজরত ৭ মুসল্লির মৃত্যু