বগুড়ার ধুনট উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে পুলিশের এক বিশেষ অভিযানে ২০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত রবিবার (৪ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে একযোগে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে পরোয়ানাভুক্ত আসামিসহ নিয়মিত মামলার পলাতক ব্যক্তিরা রয়েছেন।ধুনট থানা পুলিশ সূত্রে জানা গেছে, অপরাধ দমনে পুলিশের একাধিক দল রবিবার রাতে উপজেলার বিভিন্ন গ্রামে সাঁড়াশি অভিযান চালায়। অভিযানে গ্রেপ্তার হওয়া ২০ জনের মধ্যে অপরাধের ধরণ অনুযায়ী জিআর পরোয়ানাভুক্ত: ২ জন, সিআর পরোয়ানাভুক্ত: ১২ জন, নিয়মিত মামলার আসামি: ১ জন, পূর্ববর্তী মামলার আসামি: ৫ জন।গ্রেপ্তারকৃতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— প্রতাপ খাদুলী গ্রামের শফিকুল ইসলাম (৫৫), সাতটিকড়ী গ্রামের কবির রানা (১৯) এবং এফআইআরভুক্ত মামলার আসামি লয়া মিয়া, শহিদুল ইসলাম ও মুনছের আলী। এছাড়া অভিযানে বেশ কয়েকজন নারী আসামিও গ্রেপ্তার হয়েছেন।ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, অপরাধীদের আইনের আওতায় আনতে এই অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তারকৃত সকল আসামিকে আজ সোমবার সকালে বগুড়া জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। জননিরাপত্তা রক্ষায় পুলিশের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেন।