বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা শুধু অঞ্চলটির জন্য নয়, বরং বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তার জন্যও অপরিহার্য। শনিবার বাহরাইনের রাজধানী মানামায় ২১তম আইআইএসএস মানামা সংলাপের ফাঁকে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল্লতিফ বিন রাশিদ আলজায়ানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ মন্তব্য করেন।রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।তিনি বলেন, “বাংলাদেশ মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত।”বাহরাইনের গঠনমূলক নেতৃত্ব ও আঞ্চলিক সংলাপ প্রচেষ্টার প্রশংসা করে তিনি বলেন, “বাহরাইন যে সংলাপ ও সমন্বয়ের মাধ্যমে আঞ্চলিক উত্তেজনা প্রশমনে ভূমিকা রাখছে, তা প্রশংসনীয়।”বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা দুই দেশের মধ্যে রাজনৈতিক পরামর্শ বৈঠকের দ্বিতীয় ধাপ ঢাকায় আয়োজনের আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল্লতিফ আলজায়ানিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।মানামায় অনুষ্ঠিত এ সংলাপের বিভিন্ন অধিবেশনে বিশ্বনেতা, পররাষ্ট্রমন্ত্রী ও নীতি-নির্ধারকরা অংশ নিচ্ছেন। আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা, সংঘাত নিরসন, জ্বালানি সরবরাহের স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে মতবিনিময় হচ্ছে। বাংলাদেশের অংশগ্রহণকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, মধ্যপ্রাচ্যে কর্মসংস্থান, জ্বালানি এবং বাণিজ্যের স্বার্থে বাংলাদেশের কূটনৈতিক সম্পৃক্ততা বাড়ানো সময়োপযোগী উদ্যোগ।