পবিত্র রমজানে সুন্নাহ চর্চায় উদ্বুদ্ধ করতে বিশেষ আয়োজন মনোহরদী পৌরসভা মেয়রপ্রার্থীর
পবিত্র মাহে রমজান উপলক্ষে সুন্নাহ চর্চায় উদ্বুদ্ধ করতে বিশেষ কর্মসূচির আয়োজন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোহরদী পৌরসভা শাখার সভাপতি ও আসন্ন মনোহরদী পৌরসভা নির্বাচনে পৌর মেয়রপ্রার্থী মাওলানা আলী হুসাইন. রমজানের তাৎপর্য তুলে ধরে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এ মাসে মহানবী হযরত মুহাম্মদ (সা.)–এর সুন্নাহ বেশি বেশি অনুসরণের মধ্য দিয়ে ব্যক্তি ও সমাজ জীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।এ সময় উপস্থিতদের মাঝে সুন্নাহ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল টুপি, মিসওয়াক, তসবিহসহ দৈনন্দিন জীবনে আমলযোগ্য বিভিন্ন উপকরণ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সুন্নাহভিত্তিক জীবনাচরণে উৎসাহিত করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।পৌর মেয়রপ্রার্থী আলী হুসাইন বলেন. সুন্নাহ চর্চা কেবল ব্যক্তিগত ইবাদতে সীমাবদ্ধ নয়; নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমেও সুন্নাহ বাস্তবায়ন করা যায়। রমজানের শিক্ষা ধারণ করে একটি সুন্দর ও আদর্শ সমাজ গঠন সম্ভব।স্থানীয়রা জানান, পবিত্র রমজানে এমন উদ্যোগ সমাজে ধর্মীয় চেতনা জাগ্রত করতে সহায়ক হবে। আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন।