বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
কওমী টাইমস

ঠাকুরগাঁওয়ে চা পাতার প্যাকেটে মিলল ৪ হাজার ইয়াবা: ইজিবাইক চালক গ্রেপ্তার

ঠাকুরগাঁও জেলা শহরে অভিনব কায়দায় মাদক পাচারের সময় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। চা পাতার প্যাকেটে লুকিয়ে পাচারের সময় ৩ হাজার ৯১৫ পিস ইয়াবা উদ্ধার করে র‍্যাব-১৩ এর একটি চৌকস দল। গ্রেপ্তারকৃত ব্যক্তি পেশায় একজন ইজিবাইক চালক হলেও দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।মাদকের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতির অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে বড় ধরনের সাফল্য পেয়েছে র‍্যাব-১৩। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর থানাধীন হলপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।র‍্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি ইজিবাইকে করে বিপুল পরিমাণ মাদকের চালান পাচার হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে বিকেল আনুমানিক ৪টা ৪০ মিনিটে ঠাকুরগাঁও পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হলপাড়া আগমনী স্পোর্টিং ক্লাব সংলগ্ন এলাকায় ওত পেতে থাকে র‍্যাব। একটি সন্দেহভাজন ইজিবাইক সেখানে পৌঁছালে সেটিকে থামানো হয়।তল্লাশির এক পর্যায়ে ইজিবাইকের পেছনের সিটের সামনের ফাঁকা জায়গায় একটি চা পাতার প্যাকেট পাওয়া যায়। প্যাকেটটি খুলতেই বেরিয়ে আসে ৩ হাজার ৯১৫ পিস ইয়াবা বড়ি। ঘটনাস্থল থেকেই ইজিবাইক চালক মো. তাউহিদ ইসলাম রতনকে (৩০) আটক করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি স্বীকার করেন যে, তিনি সাধারণ যাত্রীবাহী ইজিবাইকের আড়ালে দীর্ঘ দিন ধরে মাদক সরবরাহ করে আসছিলেন।গ্রেপ্তারকৃত তাউহিদ ইসলাম রতন ঠাকুরগাঁও সদর থানার ১২ নম্বর ওয়ার্ডের ছিটচিলারং এলাকার মো. মিলন ও তাহমিনা বেগমের ছেলে।র‍্যাব জানায়, উদ্ধারকৃত ইয়াবাগুলো বিক্রয়ের উদ্দেশ্যে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল। গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ঠাকুরগাঁও সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। এই সিন্ডিকেটের সাথে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঠাকুরগাঁওয়ে চা পাতার প্যাকেটে মিলল ৪ হাজার ইয়াবা: ইজিবাইক চালক গ্রেপ্তার