বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
কওমী টাইমস

তেলেঙ্গানায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ২৪ জন নিহত

ভারতের তেলেঙ্গানায় পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২৪ জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বিকারাবাদ জেলার তান্দুর এলাকায়, যখন বাসটি প্রায় ৭০ জন যাত্রী নিয়ে হায়দরাবাদ যাচ্ছিল।শনিবার (২ নভেম্বর) সকালে ভারতের তেলেঙ্গানা রাজ্যের বিকারাবাদ জেলায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। পুলিশ জানায়, তান্দুর থেকে হায়দরাবাদগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ট্রাকে থাকা নুড়িপাথর বাসের উপর পড়ে যায়, ফলে বহু যাত্রী চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাতে গিয়ে বহু দেহ বিকৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশ সূত্রে জানা গেছে, সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে উভয় যানবাহনের চালক ঘটনাস্থলেই নিহত হন। নিহতদের মধ্যে একটি ১০ মাস বয়সী শিশুও রয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি ও ট্রাক চালকের নিয়ন্ত্রণ হারানো এই দুর্ঘটনার মূল কারণ। তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাকটি রাস্তার ভুল পাশে ছিল এবং বাসটি যথাসময়ে সরে যেতে না পারায় সংঘর্ষ অনিবার্য হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর বাসের ভেতর থেকে যাত্রীরা সাহায্যের জন্য চিৎকার করছিলেন। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠান। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি এক বিবৃতিতে দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তিনি আহতদের চিকিৎসা সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেন এবং দুর্ঘটনার কারণ তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠনের ঘোষণা দেন। ভারতে সাম্প্রতিক বছরগুলোতে সড়ক দুর্ঘটনা একটি বড় জনস্বাস্থ্য সংকটে পরিণত হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, প্রতিবছর দেশটিতে প্রায় ১ লাখ ৫০ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়, যার একটি বড় অংশ অতিরিক্ত গতি ও চালকের অসচেতনতার কারণে ঘটে।

তেলেঙ্গানায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ২৪ জন নিহত