বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
কওমী টাইমস

মাত্র ১৭ মাসে কোরআনের হাফেজ ৮ বছরের রাদিফ, মাদরাসার উপহার বাইসাইকেল

অবিশ্বাস্য হলেও সত্য—মাত্র ৮ বছর বয়সে সম্পূর্ণ কোরআন হিফজ করে আলোচনায় এসেছে লক্ষ্মীপুরের এক শিশু। ১৭ মাসের অধ্যবসায়ে এই অর্জনের স্বীকৃতি হিসেবে মাদরাসা কর্তৃপক্ষ তাকে উপহার দিয়েছে একটি বাইসাইকেল।লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার আল-আবরার তাহফিজুল কোরআন মাদরাসার ছাত্র রাদিফ আল হাসান মাত্র ১৭ মাসে পবিত্র কোরআন হেফজ করে সবাইকে অবাক করেছে। সাধারণত হিফজ বিভাগগুলো আবাসিক হলেও রাদিফ ছিলেন অনাবাসিক ছাত্র। তবু নিয়মিত অধ্যবসায় ও মেধার জোরে তিনি অল্প সময়েই সম্পূর্ণ কোরআন মুখস্থ করতে সক্ষম হন।মাদরাসা সূত্রে জানা যায়, এমন অর্জন মাদরাসার ইতিহাসে বিরল। সোমবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে রাদিফকে একটি বাইসাইকেল উপহার দেওয়া হয়। মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ আবরার হোসেন বলেন, “আমাদের নিয়ম অনুযায়ী যারা কোরআন হাফেজ হয়, তাদের বাইসাইকেল উপহার দেওয়া হয়। রাদিফ অসাধারণ মেধাবী, তার এই সাফল্য শিক্ষকদের পরিকল্পিত পাঠদান ও অভিভাবকদের সহযোগিতার ফল।”রাদিফ রায়পুরের চরপাতা গাছিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদের ছেলে। পরিবার নিয়ে তারা বর্তমানে রায়পুরের গাজী কমপ্লেক্সে ভাড়া বাসায় থাকেন। স্থানীয়রা বলেন, রাদিফের এই কৃতিত্ব এলাকায় অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।

মাত্র ১৭ মাসে কোরআনের হাফেজ ৮ বছরের রাদিফ, মাদরাসার উপহার বাইসাইকেল