মধ্য ভারতের ছত্তিশগড়ে ভয়াবহ এক ট্রেন দুর্ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। মঙ্গলবার বিলাসপুরের কাছে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
দুর্ঘটনাস্থল রাজ্যের রাজধানী রায়পুর থেকে প্রায় ১১৬ কিলোমিটার দূরে। স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ফুটেজে দেখা গেছে, একটি যাত্রীবাহী ট্রেন পিছন দিক থেকে একটি মালবাহী ট্রেনকে ধাক্কা দিলে কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়।
জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা সঞ্জয় আগরওয়াল অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, উদ্ধারকর্মীরা ট্রেনের ভেতরে আটকে থাকা যাত্রীদের উদ্ধারে বগি কেটে ফেলার চেষ্টা করছেন। ঘটনাস্থলে দমকল বাহিনী, রেল পুলিশ ও স্থানীয় প্রশাসনের উদ্ধার দল কাজ করছে।
কর্মকর্তারা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে এখনও জীবিত যাত্রী থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, ভারতে প্রায়ই রেল দুর্ঘটনা ঘটে। বিশ্বের অন্যতম বৃহৎ রেল নেটওয়ার্ক থাকা সত্ত্বেও দেশটিতে পুরনো অবকাঠামো, রক্ষণাবেক্ষণের ঘাটতি ও মানবিক ভুলের কারণে এ ধরনের দুর্ঘটনা নিয়মিতই ঘটে আসছে।
আপনার মতামত লিখুন