মঙ্গলবার, ১৯ মে ২০২৬
মঙ্গলবার, ১৯ মে ২০২৬
কওমী টাইমস

বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে: আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা

বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২৮ মে, বৃহস্পতিবার সারাদেশে ধর্মপ্রাণ মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সোমবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে শুরু হয়েছে ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র কোরবানির ঈদের আবহ। সোমবার (১৮ মে) বাদ মাগরিব রাজধানী ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এবং বৈঠক শেষে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত সিদ্ধান্ত জানান সরকারের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন।ধর্মমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, আজ ২৯ জিলকদ, ১৮ মে সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় ১৪৪৭ হিজরী সালের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা সম্পর্কে দেশের সব জেলা প্রশাসক, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) হতে প্রাপ্ত তথ্য নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।সকল তথ্য ও প্রাপ্ত উপাত্ত নিবিড়ভাবে বিশ্লেষণ করে সর্বসম্মতভাবে দেখা গেছে যে, বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে।ধর্মমন্ত্রী আরও নিশ্চিত করেন যে, এই সিদ্ধান্তের প্রেক্ষিতে আগামীকাল ১৯ মে থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে। সেই ধারাবাহিকতায় আগামী ১০ জিলহজ অর্থাৎ ২৮ মে বৃহস্পতিবার সারাদেশে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে ইনশাআল্লাহ। মুসলমানদের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যে পশু কেনাবেচাসহ দেশজুড়ে জোরদার প্রস্তুতি ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হতে শুরু করেছে।

বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে: আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা