আধুনিক প্রযুক্তিতে সজ্জিত হচ্ছে আফগান বাহিনী: স্বাধীনতা দিবসে প্রতিরক্ষা মন্ত্রী মাওলানা ইয়াকুব
আফগানিস্তানের সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রযুক্তি ও উন্নত সরঞ্জামে সজ্জিত করার জোর প্রচেষ্টা চালাচ্ছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। বুধবার (১৯ আগস্ট) রাজধানী কাবুলে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে আফগানিস্তানের স্বাধীনতা পুনরুদ্ধারের ১০৭তম বার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে এ ঘোষণা দেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী মাওলানা মুহাম্মাদ ইয়াকুব মুজাহিদ। তিনি স্পষ্ট জানান, আফগানিস্তান কারও কাছে মাথা নত করবে না এবং নিজস্ব নীতি ও ভূখণ্ড রক্ষায় তারা সুদৃঢ়। আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত স্বাধীনতা পুনরুদ্ধারের ১০৭তম বার্ষিকী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রতিরক্ষামন্ত্রী মাওলানা মুহাম্মাদ ইয়াকুব মুজাহিদ দেশটির বর্তমান সামরিক অবস্থান ও কৌশলগত নীতি তুলে ধরেন। তিনি বলেন, একটি আত্মনির্ভরশীল ও শক্তিশালী আফগানিস্তান গঠনে প্রতিরক্ষাব্যবস্থার আধুনিকায়নের কোনো বিকল্প নেই। এজন্য ইমারাতে ইসলামিয়া তাদের সামরিক বাহিনীকে বিশ্বমানের প্রযুক্তি ও আধুনিক সরঞ্জামে সজ্জিত করার কাজ চালিয়ে যাচ্ছে।বক্তব্যে মাওলানা ইয়াকুব আফগান জনগণকে বিদেশি ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক ও সজাগ থাকার এবং বিরোধীদের অপপ্রচারের শিকার না হওয়ার আহ্বান জানান। আন্তর্জাতিক পরাশক্তিগুলোর দৃষ্টিভঙ্গির সমালোচনা করে তিনি বলেন, কিছু বিদেশি গোষ্ঠী আফগানিস্তানকে অন্যান্য দেশের জন্য হুমকি হিসেবে উপস্থাপনের অপচেষ্টা চালাচ্ছে। তবে আফগানিস্তানে বর্তমানে একটি পূর্ণাঙ্গ ও দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠিত রয়েছে, যা শুধু তার নিজস্ব ভূখণ্ড রক্ষায় নিয়োজিত নয়, বরং আফগান ভূখণ্ড ব্যবহার করে যেন বিশ্বের কোনো দেশের ক্ষতি না হয়, তাও নিশ্চিত করছে।তিনি বিশ্ববাসীকে স্পষ্টভাবে স্মরণ করিয়ে দিয়ে বলেন, আফগানরা ইতিহাসজুড়ে স্বাধীনভাবে বসবাস করেছে এবং কখনো কারও কাছে মাথা নত করেনি। তাই নিজেদের ইচ্ছামতো আফগানিস্তানের ওপর নীতি চাপিয়ে দেওয়া কিংবা দেশটির অর্থনীতি, সামরিক ব্যবস্থা ও অভ্যন্তরীণ সিদ্ধান্ত নিজেদের মতো করে পরিচালনা করার চেষ্টা করা কারও উচিত হবে না।প্রতিরক্ষামন্ত্রী আরও পুনর্ব্যক্ত করেন যে, কোনো প্রতিবেশী বা সুদূর কোনো রাষ্ট্রের ওপর আক্রমণ চালানো কিংবা অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা ইমারাতে ইসলামিয়ার নীতির অংশ নয়। আফগানিস্তান শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী, তবে নিজস্ব সার্বভৌমত্ব, দেশ, দ্বীন ও আকিদা রক্ষা করার পূর্ণ অধিকার আফগানদের রয়েছে এবং যেকোনো মূল্যে তা রক্ষা করা হবে।