মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
কওমী টাইমস

তুর্কি গোয়েন্দা সংস্থার সফল অভিযান: সিরিয়া থেকে ‘দায়েশ’ শীর্ষ নেতা তালেব গুলের গ্রেপ্তার

তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা (MIT) একটি সফল আন্তঃসীমান্ত অভিযানের মাধ্যমে উগ্রপন্থী গোষ্ঠী 'দায়েশ' (আইএস)-এর অন্যতম শীর্ষ নেতা তালেব গুলেরকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে এনেছে। সোমবার (১৩ জুলাই) তুর্কি নিরাপত্তা বাহিনী এই তথ্য নিশ্চিত করেছে। আন্তর্জাতিকভাবে 'ইয়েলো নোটিশ' জারিকৃত এই সন্ত্রাসীকে সিরিয়ার সংঘাতপূর্ণ অঞ্চল থেকে ট্র্যাক করে আটক করা হয়। মুসলিম বিশ্বের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিনষ্টকারী উগ্রবাদের বিরুদ্ধে তুরস্কের এই অভিযানকে একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।বিশ্বজুড়ে ইসলাম ও মুসলিমদের ভাবমূর্তি ক্ষুণ্নকারী এবং মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী উগ্র সন্ত্রাসী গোষ্ঠী 'দায়েশ'-এর বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রেখেছে তুরস্ক। এরই ধারাবাহিকতায়, তুর্কি জাতীয় গোয়েন্দা সংস্থা (MIT) একটি সুনির্দিষ্ট ও সফল অভিযানের মাধ্যমে দায়েশের অন্যতম শীর্ষ সুপরিচিত কমান্ডার তালেব গুলেরকে (ওরফে আব্দুস সালাম তুর্কি) একটি বিদেশি রাষ্ট্র থেকে গ্রেপ্তার করে তুরস্কে নিয়ে এসেছে।তুর্কি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, গ্রেপ্তারকৃত তালেব গুলের দীর্ঘদিন ধরে ইন্টারপোলের 'ইয়েলো নোটিশ' ভুক্ত ওয়ান্টেড আসামি ছিলেন। গোয়েন্দা তদন্তে জানা গেছে, তালেব গুলের হলো দায়েশের কথিত 'তুরস্ক প্রদেশ'-এর সাবেক প্রধান কাসেম গুলেরের আপন ভাই। কাসেম গুলেরকে এর আগে ২০২১ সালে সিরিয়া সীমান্তে তুর্কি গোয়েন্দারা 'রেড নোটিশ' জারির পর এক নাটকীয় অভিযানে গ্রেপ্তার করেছিল।তদন্তে আরও প্রকাশ পেয়েছে যে, তালেব গুলের ২০১৪ সালের জানুয়ারি মাসে অবৈধভাবে সিরিয়া সীমান্তে প্রবেশ করে দায়েশে যোগ দেন। সেখানে তিনি তার ভাই কাসেম গুলেরসহ সংগঠনের অন্যান্য উচ্চপদস্থ নেতাদের সাথে সরাসরি সমন্বয় করে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা আসছিলেন। ২০২১ সালে ভাই কাসেম গ্রেপ্তার হওয়ার পর, তুর্কি গোয়েন্দা সংস্থা তালেবের ওপর নজরদারি জোরদার করে। দীর্ঘ অনুসরণের পর অবশেষে তাকে সংঘাতপূর্ণ এলাকা থেকে আটক করে তুরস্কের মাটিতে এনে আদালতের মুখোমুখি করা হয়েছে।নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তালেব গুলের দায়েশের পক্ষে তার সকল সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপরাধের কথা স্বীকার করেছে। তবে নিরাপত্তার স্বার্থে অভিযানের সঠিক সময় ও গোপন স্থানটি প্রকাশ করা হয়নি।বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলিম জনগোষ্ঠীর ওপর যখন উগ্রপন্থা ও ইসলামোফোবিয়ার দ্বিমুখী আঘাত আসছে, তখন ইসলামের নাম ব্যবহারকারী এই দায়েশ চক্র উম্মাহর সবচেয়ে বেশি ক্ষতি সাধন করেছে। তুর্কি নিরাপত্তা কর্মকর্তারা পুনর্ব্যক্ত করেছেন যে, দেশের অভ্যন্তরে ও বাইরে দায়েশের যেকোনো ধরনের নাশকতা, নতুন সদস্য রিক্রুটমেন্টের অপচেষ্টা এবং সন্ত্রাসী পরিকল্পনা নস্যাৎ করতে আঙ্কারার গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

তুর্কি গোয়েন্দা সংস্থার সফল অভিযান: সিরিয়া থেকে ‘দায়েশ’ শীর্ষ নেতা তালেব গুলের গ্রেপ্তার