শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
কওমি টাইমস একটি অলাভজনক প্রতিষ্ঠান, স্বাধীন সাংবাদিকতা অব্যাহত রাখতে আপনার সহযোগিতা প্রয়োজন। সহযোগিতা করুন
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
কওমী টাইমস

সারাদেশে কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস পরীক্ষা শুরু মঙ্গলবার: প্রস্তুতি সম্পন্ন

বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোর সর্বোচ্চ শিক্ষাবোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়ার অধীনে ২০২৬ সালের (১৪৪৭ হিজরি) কেন্দ্রীয় দাওরায়ে হাদিস পরীক্ষা মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। সারাদেশের ২৫৯টি কেন্দ্রে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। জাতীয় শিক্ষা কারিকুলামের স্নাতকোত্তর (মাস্টার্স) সমমানের এই পরীক্ষা ঘিরে কওমি অঙ্গনে এখন ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের অফিসিয়াল সূত্র অনুযায়ী, ২৭ জানুয়ারি থেকে শুরু হওয়া এই কেন্দ্রীয় পরীক্ষা চলবে আগামী ৫ ফেব্রুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে জুমার দিন অর্থাৎ ৩০ জানুয়ারি বিশেষ সময়সূচি অনুযায়ী সকাল ৮টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।প্রকাশিত রুটিন অনুযায়ী, প্রথম দিন মঙ্গলবার 'তিরমিযী ১ম পত্র' পরীক্ষার মাধ্যমে এই শিক্ষাবর্ষের চূড়ান্ত মূল্যায়ন শুরু হচ্ছে। পর্যায়ক্রমে মুসলিম ১ম পত্র, বুখারী ১ম পত্র, তিরমিযী ২য় ও শামায়েল, বুখারি ২য় পত্র, মুসলিম ২য় পত্র, আবু দাউদ, নাসাঈ ও ইবনে মাজাহ, ত্বহাবি এবং মুওয়াত্তাআন পরীক্ষা অনুষ্ঠিত হবে।পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে হাইআতুল উলয়া কর্তৃপক্ষ সংশ্লিষ্ট মাদ্রাসাগুলোকে বিশেষ কিছু নির্দেশনা প্রদান করেছে। প্রতিষ্ঠানগুলোকে ‘HEMS’ সফটওয়্যার ব্যবহার করে দ্রুত রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র সংগ্রহের তাগিদ দেওয়া হয়েছে। এছাড়া পরীক্ষার রুটিন নোটিশ বোর্ডে টাঙানো এবং নেগরান বা তত্ত্বাবধায়কদের নিয়োগপত্র দ্রুত বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।শিক্ষার্থীদের পরীক্ষার প্রথম দিন অন্তত ৩০ মিনিট আগে এবং পরবর্তী দিনগুলোতে ১৫ মিনিট আগে হলে উপস্থিত হতে বলা হয়েছে। লিখিত পরীক্ষার পাশাপাশি 'কিরাআত' বা মৌখিক পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে, যা কেন্দ্র প্রধানের ঘোষণা অনুযায়ী বিকেলে বা রাতে অনুষ্ঠিত হবে। ছাত্রীদের জন্য মহিলা তত্ত্বাবধায়কদের মাধ্যমে পরীক্ষা নেওয়ার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। উল্লেখ্য যে, কিরাআত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সনদের জন্য আবশ্যিক হলেও এর নম্বর মূল ফলাফলের সঙ্গে যুক্ত হবে না।কর্তৃপক্ষ আশা করছে, গত বছরের ন্যায় এবারও অত্যন্ত সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ পরিবেশে এই জাতীয় পর্যায়ের পরীক্ষা সম্পন্ন হবে।

সারাদেশে কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস পরীক্ষা শুরু মঙ্গলবার: প্রস্তুতি সম্পন্ন