শনিবার, ২২ আগস্ট ২০২৬
শনিবার, ২২ আগস্ট ২০২৬
কওমী টাইমস

কনটেন্ট ক্রিয়েটরদের মহানবী (সা.)-এর খাঁটি সুন্নাহ ছড়িয়ে দেওয়ার আহ্বান শেখ সুদাইসের

পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব, শায়খ প্রফেসর ড. আব্দুর রহমান আস-সুদাইস সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট ক্রিয়েটর এবং ইনফ্লুয়েন্সারদের প্রতি রাসুলুল্লাহ (সা.)-এর সহিহ সুন্নাহ, নববী মূল্যবোধ ও জীবনের শিক্ষা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) মসজিদুল হারামে প্রদত্ত খুতবায় তিনি এই তাগিদ দেন। তিনি স্মরণ করিয়ে দেন যে, মুসলিম উম্মাহর মর্যাদা, বিজয় ও আত্মমর্যাদা কেবল সুন্নাহ অনুসরণের মাধ্যমেই অর্জিত হতে পারে।সৌদি আরবের পবিত্র মসজিদুল হারামে জুমার খুতবা প্রদানকালে ইমাম ও খতিব শায়খ ড. আব্দুর রহমান আস-সুদাইস উপস্থিত মুসল্লিদের প্রকাশ্যে ও গোপনে সর্বাবস্থায় তাকওয়া বা খোদাভীতি অবলম্বনের পরামর্শ দেন। তিনি বলেন, তাকওয়াই হলো একজন মুমিনের সর্বোত্তম সম্বল।খুতবায় মহানবী (সা.)-এর সিরাতের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, "চৌদ্দশত বছর আগে শেষ নবীর আগমনের মাধ্যমে পুরো বিশ্ব সুবাসিত হয়েছিল। তাঁর জীবনচরিত্র ছিল গাম্ভীর্য, সৌন্দর্য, প্রজ্ঞা ও খোদাভীতিতে পরিপূর্ণ। সুন্নাহ ও সিরাতে নববী কেবল কোনো ঐতিহাসিক ঘটনা নয়, বরং এটি মুসলিম উম্মাহর সম্মান, বিজয়, মর্যাদা ও উন্নতির মূল উৎস।"শায়খ সুদাইস জোর দিয়ে বলেন, বর্তমান ডিজিটাল যুগে প্রযুক্তি ও বিশ্বায়নের প্রভাবকে কাজে লাগিয়ে রাসুল (সা.)-এর উজ্জ্বল জীবনের শিক্ষা ও মূল উদ্দেশ্য নতুন করে পুনরুজ্জীবিত করা প্রয়োজন। পরিবার ও সমাজ গঠন প্রসঙ্গে তিনি অভিভাবকদের নির্দেশ দেন যাতে সন্তানদের মহানবী (সা.)-এর প্রতি প্রকৃত ভালোবাসা, তাঁর দেখানো পথ অনুসরণ এবং বুখারি ও মুসলিমের মতো বিশুদ্ধ হাদিসগ্রন্থের ওপর আস্থা রাখার শিক্ষা দেওয়া হয়। একই সঙ্গে রাসুলুল্লাহ (সা.)-এর পরিবারবর্গ (আহলুল বায়াত) ও সম্মানিত সাহাবিদের মর্যাদাহানি প্রতিরোধে সোচ্চার থাকার পরামর্শ দেন।বর্তমান মিডিয়ার যুগে সামাজিক যোগাযোগমাধ্যমের শক্তির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি জোর দাবি জানান, আধুনিক কনটেন্ট ক্রিয়েটর ও সামাজিক মাধ্যমের প্রভাবশালী ব্যক্তিদের (ইনফ্লুয়েন্সার) দায়িত্ব হলো সঠিক সুন্নাহ, সুন্নাহর গভীর অর্থ, এর শিক্ষণীয় দিক এবং আকীদাগত দর্শন ছড়িয়ে দেওয়া। ডিজিটাল মাধ্যমকে তাওহিদ প্রতিষ্ঠা ও সামাজিক মূল্যবোধ গঠনে ব্যবহার করার আহ্বান জানান তিনি।খুতবার শেষাংশে শেখ সুদাইস সতর্ক করে বলেন, "মহানবী (সা.)-এর প্রতি উম্মতের ভালোবাসা বা সিরাতের সঙ্গে সম্পর্ক কেবল কোনো নির্দিষ্ট সময়, আনুষ্ঠানিকতা বা উৎসবকেন্দ্রিক রূপসূচক বিষয় হতে পারে না। বরং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সর্বাবস্থায় আনুগত্য ও অনুসরণের মাধ্যমে এই সম্পর্ক টিকিয়ে রাখতে হবে। ধর্মীয় বিষয়ে সকল প্রকার বিদআত ও অসংগতি পরিত্যাগ করে সঠিক সুন্নাহর ওপর অবিচল থাকাই মুমিনের মূল লক্ষ্য হওয়া উচিত।"

 কনটেন্ট ক্রিয়েটরদের মহানবী (সা.)-এর খাঁটি সুন্নাহ ছড়িয়ে দেওয়ার আহ্বান শেখ সুদাইসের